ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অস্থায়ী রাজধানী এডেনের দিকে অগ্রসর হচ্ছে হুতি বিদ্রোহীরা। শহরটি থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরে অবস্থান নিয়েছে ইরান-সমর্থিত এই গোষ্ঠী। এমন পরিস্থিতিতে এডেনের নিরাপত্তা জোরদার করতে প্রতিরক্ষামূলক প্রস্তুতি নিচ্ছে সরকারি বাহিনী।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, হুতিরা লাহজ প্রদেশের দুটি জেলার নিয়ন্ত্রণ নেওয়ার পর এডেনের দিকে অগ্রসর হয়েছে। শহরটির কাছাকাছি আল-মাদারিবাহ এলাকার আল-খারাজ ক্যাম্পে অবস্থান নিয়েছে তারা।
ইয়েমেনের সরকারি বাহিনীর চারটি সামরিক সূত্র ও সরকারের দুই প্রতিনিধি এ তথ্য নিশ্চিত করেছেন। তাঁদের ভাষ্য অনুযায়ী, হুতিদের অগ্রযাত্রা ঠেকাতে এডেনের চারপাশে বালুর বস্তা দিয়ে প্রতিরক্ষা অবস্থান তৈরি এবং পরিখা খনন করছে সরকারি বাহিনী।
এদিকে, রোববার ইয়েমেন সরকার জানিয়েছে, লোহিত সাগরের উপকূলীয় এলাকা থেকে সেনা সরিয়ে নেওয়া হচ্ছে। একই সঙ্গে এডেন ও আশপাশের প্রদেশগুলোতে সেনা উপস্থিতি বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
হুতিদের সামরিক সূত্রের দাবি, সরকারি বাহিনীর ছেড়ে যাওয়া উপকূলীয় কয়েকটি এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে তারা। ধুবাব থেকে খোর আমিরার কাছাকাছি পর্যন্ত প্রায় ১৫০ কিলোমিটার এলাকায় নিজেদের অবস্থান বিস্তৃত করেছে গোষ্ঠীটি।
এ ছাড়া কৌশলগত গুরুত্বপূর্ণ আল-মাকাতিরাহ পার্বত্য অঞ্চলের নিয়ন্ত্রণও নিয়েছে হুতিরা। অঞ্চলটি এডেনের সঙ্গে তাইজ শহরের যোগাযোগের অন্যতম পথ। দীর্ঘদিন ধরে অবরোধের মুখে থাকা তাইজের অবরোধ ভাঙতে অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে সরকারি বাহিনী।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।