
সংবিধান সংশোধন কমিটিকে ‘একদলীয়’ আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
নাহিদ ইসলাম বলেন, বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি, আইনশৃঙ্খলার অবনতি এবং সমসাময়িক রাজনৈতিক সংকট নিয়ে আলোচনা হয়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার বিষয়েও কথা হয়েছে। প্রধানমন্ত্রী ফ্যাসিবাদ ও জুলাই গণঅভ্যুত্থানের প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, নির্বাচনের পর থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতির ধারাবাহিক অবনতি হয়েছে। আওয়ামী লীগ প্রশ্নে কঠোর অবস্থান না নেয়া এবং ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয়গুলো স্পষ্ট না করার কারণেও বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করে এনসিপি।
নাহিদ আরও বলেন, যেকোনো জাতীয় ঐক্যের ভিত্তি হতে হবে জুলাই, সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্ব। সংস্কারকে ঐক্যের আলোচনায় অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছে এনসিপি। তার অভিযোগ, একদলীয় সংবিধান সংশোধন কমিটি সংস্কার, গণভোটের রায় এবং জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। এ কারণে কমিটি বাতিলের সুপারিশ করেছেন তারা।
বৈঠকে গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার বিষয়টিও তুলে ধরেন নাহিদ। নতুন চুক্তিতে বাংলাদেশের ন্যায্য পানির হিস্যা নিশ্চিত করতে সরকারকে কঠোর অবস্থান নেয়ার আহ্বান জানান তিনি।
এ ছাড়া শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর, জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত এবং বাংলাদেশের বিরুদ্ধে অপতথ্য প্রচারের মোকাবিলায় সরকারের পদক্ষেপ চেয়েছে এনসিপি।
প্রধানমন্ত্রী তাদের প্রস্তাবগুলো বিবেচনা করে আলোচনা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন বলে জানান নাহিদ। তবে বৈঠকে সন্তুষ্টির বিষয়টি সরকারের পরবর্তী পদক্ষেপের ওপর নির্ভর করবে বলেও মন্তব্য করেন তিনি।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।