বুধবার, ১৯ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ

সেপ্টেম্বর থেকে আবারও বাড়তে পারে স্মার্টফোনের দাম

সেপ্টেম্বর থেকে আবারও বাড়তে পারে স্মার্টফোনের দাম
সেপ্টেম্বর থেকে আবারও বাড়তে পারে স্মার্টফোনের দাম
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০৫, ২০২৬ ০৩:০৬ অপরাহ্ন

আগামী ১ সেপ্টেম্বর থেকে বিভিন্ন সেমিকন্ডাক্টর পণ্যের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বিশ্বের অন্যতম শীর্ষ মোবাইল চিপ নির্মাতা কোয়ালকম। ফলে আগামী দিনে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বাজার বিশ্লেষকরা।

কোম্পানিটির তথ্য অনুযায়ী, মেমোরি, সাবস্ট্রেটসহ বিভিন্ন কাঁচামালের মূল্যবৃদ্ধি এবং এআইভিত্তিক ডেটা সেন্টারের চাহিদা বাড়ায় বৈশ্বিক চিপ সরবরাহ ব্যবস্থার ওপর চাপ তৈরি হয়েছে। এতে উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

কোয়ালকমের প্রধান উৎপাদন অংশীদার তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি) ইতোমধ্যে উৎপাদন খরচ ৫ থেকে ১০ শতাংশ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা করছে বলে জানিয়েছে নিকি এশিয়া। শিল্পসংশ্লিষ্টদের ধারণা, সেই অতিরিক্ত ব্যয়ের প্রভাবই চিপের দামে প্রতিফলিত হচ্ছে।

কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস্টিয়ানো অ্যামন বলেন, সরবরাহ শৃঙ্খলে ব্যয় বৃদ্ধি ও বাজার পরিস্থিতির কারণে মূল্য সমন্বয় এখন প্রয়োজনীয় হয়ে উঠেছে।

সাম্প্রতিক প্রান্তিকে কোয়ালকমের মোট রাজস্ব ৯ দশমিক ৯৫ বিলিয়ন ডলারে পৌঁছালেও হ্যান্ডসেট চিপ খাতের আয় ২০ শতাংশ কমে ৫ দশমিক ০৯ বিলিয়ন ডলারে নেমে এসেছে।

বিশ্লেষকদের মতে, স্যামসাং, শাওমি, ওয়ানপ্লাস, অনার, মটোরোলা ও আসুসসহ অধিকাংশ অ্যান্ড্রয়েড স্মার্টফোন নির্মাতা কোয়ালকমের স্ন্যাপড্রাগন চিপের ওপর নির্ভরশীল। ফলে চিপের মূল্যবৃদ্ধির প্রভাব শেষ পর্যন্ত নতুন স্মার্টফোনের খুচরা দামেই পড়বে। বিশেষ করে ২০২৬ সালের শেষ ভাগ এবং ২০২৭ সালের শুরুতে বাজারে আসা ফ্ল্যাগশিপ ও প্রিমিয়াম ফোনের দাম আরও বাড়তে পারে।

 100
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।