নারী ক্রিকেটারদের যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও নিরাপত্তাহীনতার অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের শাস্তির দাবি জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স। একই সঙ্গে দেশের সব ক্রীড়াক্ষেত্রে নারীদের নিরাপদ ও পেশাদার পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
বুধবার (৪ নভেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়। এতে বলা হয়, সম্প্রতি একটি অনলাইন সংবাদমাধ্যমের অনুসন্ধানী প্রতিবেদনে নারী ক্রিকেটে দীর্ঘদিনের নানা অভিযোগ উঠে এসেছে। ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারসহ সংশ্লিষ্ট ১০৪ জনের বক্তব্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এর আগেও জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার জাহানারা আলম একই ধরনের অভিযোগ তুলেছিলেন। বিভিন্ন সময়ে অভিযোগ উঠলেও কার্যকর তদন্তের দৃশ্যমান পদক্ষেপ দেখা যায়নি।
ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্সের দাবি, অভিযোগগুলো স্বাধীন ও নিরপেক্ষভাবে তদন্ত করে সত্য উদ্ঘাটন, দায়ীদের শাস্তি এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে স্থায়ী ব্যবস্থা নিতে হবে।
সংগঠনটির সদস্য সচিব এম নাজমুল ইসলাম সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।