জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন কপ-৩১-এ যোগ দিতে তিন দিনের সরকারি সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১০ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টা ৩ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটটি আন্তালিয়া বিমানবন্দরে অবতরণ করে। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীরা।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান তুরস্কের সংস্কৃতি ও পর্যটনবিষয়ক উপমন্ত্রী ড. সারদার চাম। এ সময় তাঁকে গার্ড অব অনার দেয়া হয়।
এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। ইস্তাম্বুলে প্রায় দুই ঘণ্টার যাত্রাবিরতি শেষে দ্বিতীয় একটি ফ্লাইটে আন্তালিয়ায় পৌঁছান তিনি।
সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ। এ ছাড়া প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলীসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধিরা সফরসঙ্গী হয়েছেন।
১১ ও ১২ নভেম্বর কপ-৩১-এর বিশ্বনেতা সম্মেলন অনুষ্ঠিত হবে। আগামী ১২ নভেম্বর সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের বক্তব্য তুলে ধরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সম্মেলনের ফাঁকে তুরস্কসহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকও করবেন তিনি।
আশিক/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।