চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিএসএফের গুলিতে মনিরুল ইসলাম (৩৫) নামে এক বাংলাদেশি আহত হয়েছেন। গুলিবিদ্ধ অবস্থায় তাকে আটক করে ভারতের অভ্যন্তরে নিয়ে গেছে বিএসএফ। এ ঘটনায় পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে হরিহরনগর গ্রামের সীমান্তের ৬১/১-এস মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে। আহত মনিরুল ওই গ্রামের লিয়াকত ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তাকে ভারতের কৃষ্ণনগর জেলার শান্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিজিবি জানায়, মনিরুলসহ সাতজন অবৈধভাবে ভারতে প্রবেশের সময় বিএসএফের ৩২ ব্যাটালিয়নের টুঙ্গী ক্যাম্পের টহল দল গুলি ও রাবার বুলেট ছোড়ে। এতে মনিরুল আহত হন। এ সময় তার সঙ্গে থাকা অন্য ছয়জন পালিয়ে যান। গুলির শব্দ পেয়ে বিজিবির মেদিনীপুর ক্যাম্পের টহল দল ঘটনাস্থলে পৌঁছে পাল্টা ফায়ার করে।
মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তোয়াসীন হাবীব হাসান জানান, ঘটনার পর সীমান্তে টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। বিএসএফের সঙ্গে যোগাযোগের পাশাপাশি কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত বিএসএফের সাড়া পাওয়া যায়নি।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।