ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পরবর্তী সরকার গঠনের জন্য সুপারিশ করতে অস্বীকৃতি জানিয়েছে তার রাজনৈতিক মিত্র ইউনাইটেড তোরাহ জুদাইজম পার্টি। দলটির এ সিদ্ধান্তে নেতানিয়াহুর পক্ষে আইনপ্রণেতাদের সুপারিশ ৫৩ থেকে কমে ৪৬টিতে দাঁড়াতে পারে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের সঙ্গে বৈঠকে দলটির প্রতিনিধিরা জানান, প্রধানমন্ত্রী পদের জন্য তারা কোনো প্রার্থীকেই সুপারিশ করবেন না। তবে নিজেদের দাবিদাওয়া পূরণ হলে কোনো প্রার্থীকে সমর্থনের পথ খোলা রেখেছে দলটি। তাদের প্রধান দাবি, অতি-ধার্মিক ইহুদিদের সামরিক সেবা নিয়ে সমঝোতা এবং তাওরাত অধ্যয়নের সুযোগ নিশ্চিত করা।
অন্যদিকে বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকটের পক্ষে ৬৭ জন আইনপ্রণেতার সুপারিশ পাওয়ার আভাস মিলেছে। আরব দলগুলোর ১৯ জন আইনপ্রণেতাও তাকে সমর্থন দিতে পারেন। তবে সরকার গঠনের জন্য নেসেটের ১২০ সদস্যের মধ্যে অন্তত ৬১ জনের সমর্থন প্রয়োজন।
আইজেনকট জানিয়েছেন, তিনি একটি ‘জায়নবাদী সরকার’ গঠন করতে চান। তবে তার সরকার গঠনে আরব আইনপ্রণেতাদের সমর্থন প্রয়োজন হওয়ায় জোটের ভেতরে সমঝোতা বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।
প্রেসিডেন্ট হারজগ আগামী কয়েক দিনের মধ্যে একজন আইনপ্রণেতাকে সরকার গঠনের দায়িত্ব দিতে পারেন। দায়িত্ব পাওয়া ব্যক্তি জোট গঠনের জন্য ২৮ দিন সময় পাবেন; প্রয়োজনে আরও ১৪ দিন সময় বাড়ানো যাবে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।