বিশ্বের কয়েকটি ধনী দেশের সবচেয়ে দরিদ্র ১০ শতাংশ মানুষের দৈনিক আয় বা ভোগব্যয়ও ভারতের সবচেয়ে ধনী ১০ শতাংশ মানুষের তুলনায় বেশি। বিশ্বব্যাংকের ২০২৬ সালের ‘পভার্টি অ্যান্ড ইনইকুয়ালিটি প্ল্যাটফর্ম’-এর তথ্য বিশ্লেষণে এ চিত্র উঠে এসেছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভারতে দরিদ্রতম ১০ শতাংশ মানুষের দৈনিক মাথাপিছু আয় বা ভোগব্যয়ের সীমা প্রায় ৩ ডলার। অথচ যুক্তরাষ্ট্রে এ পরিমাণ ২৫ ডলার, কানাডায় ৩১ ডলার এবং জার্মানি ও অস্ট্রেলিয়ায় ২৮ ডলার।
অন্যদিকে, ভারতের সবচেয়ে ধনী ১০ শতাংশ মানুষের দৈনিক মাথাপিছু আয় বা ভোগব্যয়ের সীমা প্রায় ১০ ডলার। যুক্তরাষ্ট্রে তা ১৭৩ ডলার, কানাডা ও অস্ট্রেলিয়ায় ১২৯ ডলার এবং জার্মানিতে ১২৮ ডলার।
ভারতের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী, দেশটিতে মাসে ৮০ হাজার রুপি আয় করেন এমন ব্যক্তিও আয়কারীদের শীর্ষ ১০ শতাংশের মধ্যে পড়েন। ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্টের প্রোগ্রাম অ্যাসোসিয়েট অহনা দত্তগুপ্তর মতে, ভারতের সমস্যা শুধু দারিদ্র্য নয়; অর্থনীতির প্রায় সব স্তরেই মানুষের আয় তুলনামূলক কম।
দত্তগুপ্ত বলেন, দরিদ্র মানুষের জীবনযাত্রার মান উন্নত করা জরুরি হলেও শুধু ধনী-দরিদ্রের ব্যবধান কমিয়ে সমৃদ্ধি অর্জন সম্ভব নয়। দেশের সব শ্রেণির মানুষের আয় ও উৎপাদনশীলতা বাড়াতে হবে।
এ জন্য ব্যবসা শুরু ও সম্প্রসারণ সহজ করা, করব্যবস্থা যুক্তিসংগত রাখা, অপ্রয়োজনীয় নিয়মকানুন কমানো এবং চুক্তি কার্যকরের আইনি প্রক্রিয়া দ্রুত করার ওপর গুরুত্ব দেন তিনি। পাশাপাশি শিল্পাঞ্চলে ব্যবসার অনুকূল পরিবেশ তৈরির প্রয়োজনীয়তার কথাও বলেন।
তার মতে, দীর্ঘমেয়াদি সমৃদ্ধির জন্য শুধু আয়বণ্টনের বিদ্যমান কাঠামোয় মানুষের অবস্থান বদলালেই হবে না; ভারতের সব স্তরের মানুষের আয় বাড়াতে হবে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।