
জয়পুরহাট জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের বারান্দায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে এক কারারক্ষী ও এক কলেজছাত্রীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে তাদের আটক করা হয়। আটক কারারক্ষীর নাম ওয়াজেদ আলী (৪২)। তিনি জয়পুরহাট জেলা কারাগারে কর্মরত। তার বাড়ি নওগাঁর বদলগাছী উপজেলায়। সঙ্গে থাকা কলেজছাত্রীর বাড়িও একই উপজেলায়।
পুলিশ ও কারাগার সূত্রে জানা যায়, ওই ছাত্রীর সঙ্গে ওয়াজেদ আলীর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক রয়েছে। রাতে দায়িত্ব পালন শেষে ব্যারাকে না ফিরে তিনি ওই ছাত্রীকে নিয়ে হাসপাতালের বারান্দায় অবস্থান করেন। তাদের আচরণ সন্দেহজনক মনে হলে রোগীর স্বজনেরা হাসপাতাল কর্তৃপক্ষকে জানান। পরে জিজ্ঞাসাবাদে অসংগতি পাওয়ায় তাদের পুলিশে দেয়া হয়।
জয়পুরহাট থানার ওসি নুরে আলম সিদ্দিকী জানান, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। কলেজছাত্রীর পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে। তারা এলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
জেলা কারাগারের জেল সুপার উম্মে সালমা জানান, ওয়াজেদ আলী নির্ধারিত সময়ে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। বিষয়টি খতিয়ে দেখে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।
আবাবিল হাকিম, জয়পুরহাট জেলা প্রতিনিধি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।