
শেরপুরের শ্রীবরদী উপজেলার কর্ণঝোড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে দুই বাংলাদেশি কিশোরকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর একটি টহল দল বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটক দুজন হলো—নোয়াখালীর হাতিয়া উপজেলার গোবিন্দপুর গ্রামের কৃষ্ণপদ দাসের ছেলে অপু চন্দ্র দাস (১৭) এবং মৌলভী গ্রামের শিপন জল দাসের ছেলে চন্দন জল দাস (১৩)।
বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক কিশোররা জানিয়েছে, ভারতে বসবাসরত তাদের এক চাচার কাছে শ্রমিক হিসেবে কাজ করতে তারা সীমান্ত পেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল। অর্থের বিনিময়ে তাদের ভারতে পাঠানোর কাজে স্থানীয় তিন ব্যক্তি জড়িত থাকার তথ্যও পাওয়া গেছে।
তারা হলেন—শ্রীবরদী উপজেলার বাবেলাকোনা গ্রামের মামুন মিয়া (২২), কালু মিয়া (৩৫) ও চান্দাপাড়া গ্রামের মাসুদ মিয়া (২৫)। বিজিবির দাবি, অভিযানের পর থেকে ওই তিন ব্যক্তি পলাতক রয়েছেন।
আটক দুই কিশোরকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি পলাতক তিনজনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) জানিয়েছে, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।
মোঃ রমজান আলী, শেরপুর প্রতিনিধি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।