
শিশুদের বিরুদ্ধে অপরাধ প্রতিরোধ এবং নিরাপদ শৈশব নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে বঙ্গভবনে জিরো মিসিং চিলড্রেন ফাউন্ডেশনের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সাদাত রহমানের নেতৃত্বে প্রতিনিধিদলটি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে।
এ সময় নিখোঁজ শিশুদের পরিবারের সদস্যরা শিশু অপহরণ, নিখোঁজের ঘটনা, কন্যাশিশুদের সাইবার নিরাপত্তা এবং নিখোঁজ শিশুদের তদন্ত ও উদ্ধারে বিভিন্ন প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন।
সাদাত রহমান নিখোঁজ শিশুদের সন্ধান ও উদ্ধারে ফাউন্ডেশনের উদ্যোগ ‘মুন অ্যালার্ট’, অনলাইন নিরাপত্তায় ‘সাইবার টিনস’ এবং হেল্পলাইন ১৩২১৯-এর কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে জানান। মুন অ্যালার্ট দেশব্যাপী চালু, দীর্ঘদিন নিখোঁজ শিশুদের উদ্ধারে বিশেষ জাতীয় অভিযান এবং শিশুদের অনলাইন নিরাপত্তা জোরদারে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন তারা।
রাষ্ট্রপতি নিখোঁজ শিশুদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সহানুভূতি জানান। তাদের উত্থাপিত বিষয়গুলো সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার আশ্বাস দেন তিনি।
শিশুদের উদ্ধার ও নিরাপত্তায় ফাউন্ডেশনের উদ্যোগের প্রশংসা করে রাষ্ট্রপতি এসব কার্যক্রমে আরও মানুষকে সম্পৃক্ত করা এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে কাজের পরিধি বাড়ানোর ওপর গুরুত্ব দেন। শিশুদের বিরুদ্ধে অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় ভূমিকার পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় জোরদারের আহ্বান জানান তিনি। এ ক্ষেত্রে একটি বিশেষ সেল গঠনের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন রাষ্ট্রপতি।
এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিব উপস্থিত ছিলেন।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।