
ডিসেম্বরে হলিউড ও বলিউডে মুক্তি পেতে যাচ্ছে বেশ কয়েকটি আলোচিত সিনেমা। সুপারহিরো অ্যাকশন, সায়েন্স ফিকশন থেকে শুরু করে অ্যাকশনধর্মী গল্প—সব মিলিয়ে দর্শকদের জন্য থাকছে নানা আয়োজন। এ মাসেই বড় পর্দায় ফিরছেন শাহরুখ খান ও সালমান খান। পাশাপাশি মুক্তির অপেক্ষায় রয়েছে নতুন ‘অ্যাভেঞ্জার্স’ ও ‘ডুন’ সিনেমা।
শাহরুখের ‘কিং’
ডিসেম্বরের শেষ সপ্তাহে মুক্তির কথা রয়েছে শাহরুখ খানের ‘কিং’। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটি ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে আসার কথা। এতে শাহরুখের সঙ্গে অভিনয় করেছেন তাঁর মেয়ে সুহানা খান। আরও রয়েছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন ও অনিল কাপুর। ২০২৩ সালের ‘ডানকি’র পর বড় পর্দায় শাহরুখের নতুন সিনেমা এটি।
সালমানের ‘মাতৃভূমি’
৪ ডিসেম্বর মুক্তির কথা রয়েছে সালমান খান অভিনীত ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’। অপূর্ব লাখিয়া পরিচালিত সিনেমাটির পটভূমি ২০২০ সালের গালওয়ান উপত্যকায় ভারত-চীন সেনাদের সংঘর্ষ। এতে সালমানের বিপরীতে রয়েছেন চিত্রাঙ্গদা সিং। সিনেমাটির আগের নাম ছিল ‘ব্যাটল অব গালওয়ান’।
সাত বছর পর ‘অ্যাভেঞ্জার্স’
মার্ভেল ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে ১৮ ডিসেম্বর মুক্তির পরিকল্পনা রয়েছে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’র। ২০১৯ সালে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর পর নতুন এই সিনেমায় ফিরছে জনপ্রিয় সুপারহিরো দল। এতে ডক্টর ডুম চরিত্রে দেখা যাবে রবার্ট ডাউনি জুনিয়রকে। আরও অভিনয় করেছেন ক্রিস হেমসওর্থ, ক্রিস ইভান্স, পেড্রো পাসকাল, পল রাড ও অ্যান্থনি ম্যাকি।
ফিরছে ‘ডুন’
১৮ ডিসেম্বর মুক্তির তালিকায় রয়েছে ‘ডুন: পার্ট থ্রি’। ডেনিস ভিলেন্যুভ পরিচালিত সিনেমাটি ফ্র্যাঙ্ক হারবার্টের ‘ডুন মেসায়া’ উপন্যাস অবলম্বনে নির্মিত। এতে পল অ্যাট্রেইডিস চরিত্রে ফিরছেন টিমোথি শ্যালামে। আরও রয়েছেন জেনডায়া, ফ্লোরেন্স পিউ, রেবেকা ফার্গুসন ও রবার্ট প্যাটিনসন।
এদিকে, হ্যারি পটারের নতুন সিরিজ নিয়ে দর্শকদের আগ্রহ থাকলেও সেটি ডিসেম্বরে মুক্তি পাচ্ছে না। ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির ঘোষণা অনুযায়ী, সিরিজটি ২০২৭ সালে মুক্তির পরিকল্পনা রয়েছে।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।