
অভিনেতা সোহেল খানের মরদেহ ঢাকায় আনা হচ্ছে। পরে তার গ্রামের বাড়ি ঢাকার ধামরাইয়ের রাজাপুরে শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শেষে দাফন করা হবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বগুড়ায় ‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন ৬৬ বছর বয়সী এ অভিনেতা। হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের মৃত্যুসনদে মৃত্যুর কারণ হিসেবে কার্ডিয়াক অ্যারেস্ট উল্লেখ করা হয়েছে।
‘নসীব’ সিনেমার পরিচালক মো. ইকবাল তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এ ঘটনায় সিনেমাটির শুটিং বন্ধ রাখা হয়েছে।
জানা গেছে, ১৯ নভেম্বর থেকে সিনেমাটির শুটিংয়ে অংশ নিতে বগুড়ায় অবস্থান করছিলেন সোহেল খান। মঙ্গলবার সকালে হোটেলের কক্ষে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় বাংলালিংকের বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মাধ্যমে পর্দায় অভিষেক হয় সোহেল খানের। পরে ‘৪২০’ ধারাবাহিকে ‘বিশু’ চরিত্রে অভিনয় করে পরিচিতি পান তিনি। নাটকের পাশাপাশি ‘দারুচিনি দ্বীপ’, ‘প্রজাপতি’, ‘দেশা: দ্য লিডার’, ‘বীর’ ও ‘শান’সহ বিভিন্ন সিনেমায় অভিনয় করেছেন তিনি।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।