
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১৬ ডিসেম্বরের আগেই দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন শিল্প, পাট ও বস্ত্র এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ১৬ ডিসেম্বরের আগে দেশে ফিরলে সমস্যা কোথায়? দেশে ফিরে তাকে প্রাপ্য বিচারের মুখোমুখি হতে হবে। পাশাপাশি দেশ ছেড়ে যাওয়ার কারণও ব্যাখ্যা করতে হবে।
সরকারি মালিকানাধীন অধিকাংশ কলকারখানার মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, সেগুলো পুনরায় চালুর উদ্যোগ নেয়া হচ্ছে। বেসরকারি বিনিয়োগের মাধ্যমে কারখানাগুলো সচল করতে শিগগিরই দরপত্র আহ্বান করা হবে।
আমদানি-রপ্তানি প্রসঙ্গে তিনি বলেন, স্বাধীনতার পর থেকেই দেশে রপ্তানির তুলনায় আমদানি বেশি। তবে এ ব্যবধান নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। দেশের চাহিদা অনুযায়ী সামগ্রিক বাণিজ্যের পরিমাণ বাড়ানোই গুরুত্বপূর্ণ।
এ সময় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের বিভিন্ন সমস্যা ও সংকটের কথা শুনে তা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার আশ্বাস দেন মন্ত্রী।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।