‘জেলার ২’ ছবিতে তামান্না ভাটিয়ার সঙ্গে একটি গানে পারফর্ম করতে চেয়েছিলেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। এ নিয়ে পরিচালক নেলসন দিলীপকুমারকে অনুরোধও করেছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত সেই প্রস্তাবে রাজি হননি পরিচালক। ছবির প্রচারে এসে নিজেই এ কথা জানান রজনীকান্ত।
অভিনেতার মতে, ‘জেলার ২’-তে তামান্নার অনুপস্থিতিই একটি ঘাটতি। ২০২৩ সালে মুক্তি পাওয়া প্রথম ‘জেলার’ ছবিতে অতিথিশিল্পী হিসেবে অভিনয় করেন তামান্না। ছবির ‘কাভালা’ গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়, বিশেষ করে গানটির সঙ্গে তাঁর নাচ ও হুক স্টেপ দর্শকদের নজর কাড়ে। সেই সাফল্য থেকেই সিকুয়েলেও তাঁর সঙ্গে কাজ করতে চেয়েছিলেন রজনীকান্ত।
তবে পরিচালক জানান, শুধু অভিনেতার ইচ্ছার কারণে ছবিতে নতুন গান যুক্ত করা যায় না। বিষয়টি নিয়ে মজার ছলে রজনীকান্ত বলেন, তামান্নাকে পছন্দ করেন বলে তিনি এমন প্রস্তাব দেননি। নিজের ইচ্ছামতো সব সিদ্ধান্ত নিলে এত দিনে হয়তো তাঁর গুরুত্ব কমে যেত, এমনকি বেঙ্গালুরুতে ফিরে যেতে হতো। দর্শকের পছন্দকে গুরুত্ব দেন বলেই তিনি আজকের অবস্থানে রয়েছেন বলেও মন্তব্য করেন অভিনেতা।
‘জেলার ২’-তে আবারও টাইগার মুথুভেল পাণ্ডিয়ান চরিত্রে ফিরছেন রজনীকান্ত। ছবিতে আরও থাকছেন রম্যা কৃষ্ণন, যোগী বাবু, মির্না ও ঋত্বিক। নতুন মুখ হিসেবে দেখা যাবে এস জে সূর্য, মিঠুন চক্রবর্তী, সুরজ ভেঞ্জারামুডু, বিদ্যা বালন, আন্না রাজন ও যতীন সারনাকে।
নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, আগামী ১৫ অক্টোবর ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা। অগ্রিম টিকিট বুকিং শুরু হওয়ার কথা ১১ অক্টোবর থেকে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।