রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দেয়ার ঘটনায় আয়াসসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত ও সাম্প্রদায়িক উসকানি দেয়ার অভিযোগে শাহবাগ থানায় করা এ মামলায় আসামিদের রিমান্ড চেয়ে রোববার (১১ অক্টোবর) আদালতে পাঠানো হবে।
মামলার আসামিরা হলেন আ ন ম আয়াস (২৯), মো. সাকিবুল হাসান (১৯), মো. সুজন মিয়া (১৮) ও মারজিয়া খন্দকার রিমি (২৭)। বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান।
ওসি জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাত ও সাম্প্রদায়িক উসকানির অভিযোগে চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে।
এর আগে শনিবার (১০ অক্টোবর) দুপুরে শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দিতে গিয়ে রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব এ এন এম আয়াসসহ চারজন আটক হন।
গেল ৫ অক্টোবর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সেগুনবাগিচার ফুটপাত দখলমুক্ত করার পর দেয়ালে শিল্পাচার্য জয়নুল আবেদিন, সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামসহ শিল্প-সাহিত্য-সংস্কৃতিতে অবদান রাখা ১০ গুণী ব্যক্তির প্রতিকৃতি আঁকা হয়। পরে ফুটপাতটি পথচারীদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। এ ছাড়া সেখানে নতুন ডাস্টবিন স্থাপন, বিশ্রামের জন্য বেঞ্চ নির্মাণ ও সীমানাপ্রাচীর সংস্কার করা হয়।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।