
অবৈধভাবে ভারতে প্রবেশ ও বসবাসের অভিযোগে পশ্চিমবঙ্গে দুই দিনে ১১ বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। শুক্রবার ও শনিবার রাজ্যটির মুর্শিদাবাদ ও উত্তর ২৪ পরগনা জেলায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
মুর্শিদাবাদের লালগোলা থানার পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে পাহাড়পুর এলাকায় অভিযান চালিয়ে আটজনকে আটক করে। তাঁদের বেশিরভাগের বাড়ি বাংলাদেশের রাজশাহী এলাকায়। আটক ব্যক্তিরা হলেন পিয়ারুল ইসলাম (২০), আতিক হোসেন (২২), মোহাম্মদ আল মামুন আলি (১৭), মোহাম্মদ আতিক হাসান (২০), মোহাম্মদ মমিনুল ইসলাম (২৯), মোহাম্মদ আব্দুল হাই (৪২), মোহাম্মদ জসিম (২১) এবং মুন্সীগঞ্জের এনামুল হক (২৩)।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা জানান, কাজের উদ্দেশ্যে তামিলনাড়ুতে গিয়েছিলেন। কাজ শেষে দেশে ফেরার পথে পাহাড়পুর এলাকায় আটক হন। কীভাবে তাঁরা ভারতে প্রবেশ করেছিলেন এবং তাঁদের সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা তদন্ত করছে পুলিশ। তাঁদের লালগোলার হোল্ডিং সেন্টারে পাঠানো হচ্ছে।
অন্যদিকে, উত্তর ২৪ পরগনার নিমতা থানার ফিঙ্গাপাড়া এলাকা থেকে আরও তিন বাংলাদেশিকে আটক করা হয়েছে। তাঁরা হলেন লিয়াকত আলি মোল্লা, নার্গিস বিবি ও হুমায়ুন কবির মোল্লা। পুলিশের দাবি, তাঁরা একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন।
এসআইআর-সংক্রান্ত তথ্য সংগ্রহের সময় তাঁদের পরিচয় সামনে আসে বলে জানিয়েছে পুলিশ। জিজ্ঞাসাবাদে তাঁরা বাংলাদেশি পরিচয় স্বীকার করেছেন এবং তাঁদের কাছ থেকে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। তাঁরা খুলনা বিভাগের নাচুনিয়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
আটক তিনজনকে বসিরহাটের একটি হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে। প্রশাসনের সূত্র জানিয়েছে, তাঁদেরও বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া নেয়া হবে।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।