
পঞ্চগড়ে চা চাষি, বাগান মালিক, কারখানা মালিক ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের নিয়ে দিনব্যাপী সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সকালে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অডিটোরিয়াম চত্বরে এসে শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোসা. শুকরিয়া পারভীন। তিনি বলেন, পঞ্চগড়ের অর্থনীতিতে চা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। চাষিদের সারের দুশ্চিন্তা না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, নভেম্বরে অতিরিক্ত ৬ হাজার মেট্রিক টন সার বরাদ্দ দেয়া হয়েছে।
চায়ের গুণগত মান বাড়াতে উন্নত প্রযুক্তি ব্যবহার, প্রশিক্ষণ এবং ‘দুটি পাতা একটি কুঁড়ি’ পদ্ধতিতে পাতা সংগ্রহের ওপর গুরুত্ব দেন জেলা প্রশাসক। পঞ্চগড়ের চা বিশ্ববাজারে জায়গা করে নেবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
চা চাষিরা জানান, বর্তমানে তাঁরা প্রতি কেজি চা ৪০ থেকে ৪২ টাকা দরে বিক্রি করছেন। তবে জানুয়ারি মাসে সারের চাহিদা বেশি থাকায় পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তাঁরা। তাঁদের মতে, সারের সংকটে উৎপাদন কমে যাচ্ছে।
চা বাগান মালিক সমিতির সভাপতি দিদারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ চা বোর্ডের পঞ্চগড় আঞ্চলিক কেন্দ্রের ঊর্ধ্বতন উন্নয়ন কর্মকর্তা আমির হোসেনসহ চা খাতের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন।
দিনব্যাপী এ সম্মেলনে পঞ্চগড়ের পাঁচ উপজেলার চা চাষি, বাগান মালিক, কারখানা মালিক ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা অংশ নেন।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।