
বগুড়ার সদর উপজেলার তেলিহারা বালুপাড়া এলাকায় করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় অভিযান চালিয়ে সরঞ্জাম জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুর আড়াইটার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আদালতের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যান।
অভিযানে নেতৃত্ব দেন বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. বদরুজ্জামান রিশাদ। সদর থানা-পুলিশ অভিযানে সহযোগিতা করে।
সহকারী কমিশনার (ভূমি) বদরুজ্জামান রিশাদ জানান, রাস্তার পাশের একটি নিচু জমি ভরাট করে উঁচু করার জন্য করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু তোলা হচ্ছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। বালু উত্তোলনে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এদিকে স্থানীয় সূত্রের অভিযোগ, অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের মূল হোতা মো. নাছির। তাঁর বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
সজল শেখ, বগুড়া
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।