
বিগত সময়ে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও সময়োপযোগী করে গড়ে তোলা এখন সময়ের দাবি।
শনিবার (২৮ নভেম্বর) মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, একাডেমিক শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায়ও দক্ষ হতে হবে। আধুনিক প্রযুক্তির সঙ্গে মানবিক শিক্ষার সমন্বয়ের বিকল্প নেই। সবাইকে সম্মিলিতভাবে শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও সময়োপযোগী করে গড়ে তোলার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, প্রচলিত শিক্ষার পাশাপাশি গবেষণাভিত্তিক শিক্ষা কার্যক্রম দেশের শিক্ষাব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনের সূতিকাগার হিসেবে গড়ে তুলতে হবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, শিক্ষার্থীদের শুধু চাকরির প্রস্তুতিতে সীমাবদ্ধ রাখলে চলবে না। মানবিক মূল্যবোধ, আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষার সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের খাপ খাওয়াতে না পারলে সনদধারী শিক্ষিতের সংখ্যা বাড়বে, কিন্তু বেকারত্ব কমবে না।
শিক্ষাপ্রতিষ্ঠানকে গোষ্ঠীগত ও ব্যক্তিগত দ্বন্দ্বের বাইরে রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চান, যে দেশ নিজের উচ্চতায় বিশ্বমঞ্চে মাথা উঁচু করে দাঁড়াবে।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।