
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে বগুড়ায় তার মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
অভিনেতার মৃত্যুর বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।
পরিবার সূত্রে জানা গেছে, একটি সিনেমার শুটিংয়ে অংশ নিতে সোহেল খান বগুড়ায় অবস্থান করছিলেন। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।
জানা গেছে, ‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে গত ১৯ নভেম্বর থেকে বগুড়ায় অবস্থান করছিলেন এই অভিনেতা। আগামীকাল সিনেমাটির শুটিং শেষ হওয়ার কথা ছিল।
শুটিং ইউনিট সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে শুটিংয়ের প্রস্তুতি হিসেবে মেকআপ নিয়ে তৈরি হয়েছিলেন সোহেল খান। পরে ইউনিটের এক সদস্য তাকে ডাকতে হোটেলের কক্ষে গেলে বিছানায় অচেতন অবস্থায় দেখতে পান। কোনো সাড়া না পেয়ে তিনি চিৎকার শুরু করলে ছুটে আসেন শুটিং ইউনিটের অন্য সদস্যরা।
পরে দ্রুত তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অভিনেতা সোহেল খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে দ্যা মিরর নিউজ পরিবার। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।