
হিজাব ছাড়া গান গেয়ে তা ইউটিউবে প্রচার করায় ইরানের গায়িকা পারাস্তো আহমাদিকে ৭৪ বার চাবুক মারা হয়েছে। একই শাস্তি দেয়া হয়েছে তার দলের আরও চার সদস্যকে।
সোমবার (২৩ নভেম্বর) পারাস্তো আহমাদিসহ তার দলের চার সদস্যের ওপর এ শাস্তি কার্যকর করা হয় বলে জানিয়েছেন তাদের আইনজীবী। এর আগে গেল জুনে আদালত তাদের ৭৪ বার করে চাবুক মারার নির্দেশ দিয়েছিলেন।
২০২৪ সালের ডিসেম্বরে পারাস্তো ও তার দলের চার সদস্য ইউটিউবে একটি লাইভ কনসার্ট প্রচার করেন। ওই কনসার্টে পারাস্তোর মাথায় হিজাব ছিল না। ইরানে প্রকাশ্যে নারীদের হিজাব পরা বাধ্যতামূলক।
আইনজীবীর ভাষ্য অনুযায়ী, কনসার্টের সঙ্গে সংশ্লিষ্ট পাঁচজনকে সোমবার ৭৪টি করে চাবুক মারা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রকাশ্যে শালীনতা লঙ্ঘন এবং অশ্লীল ও কুরুচিপূর্ণ কনটেন্ট তৈরি ও প্রচারের অভিযোগ আনা হয়েছিল।
এর আগে ২০২৫ সালের মার্চে ইরানি সংগীতশিল্পী মেহদি ইয়াররাহিকেও ৭৪ বার চাবুক মারা হয়। তার গানে নারীদের মাথার স্কার্ফ খুলে ফেলার আহ্বান জানানো হয়েছিল।
২০২২ সালের সেপ্টেম্বরে হিজাব না পরার অভিযোগে নৈতিকতা পুলিশের হেফাজতে মারধরের শিকার হয়ে মারা যান তরুণী মাহসা আমিনি। তার মৃত্যুকে কেন্দ্র করে ইরানজুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এরপর দেশটিতে তরুণীদের মধ্যে হিজাব না পরার প্রবণতা বাড়তে দেখা যায়।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।