কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্তে মাথাভাঙ্গা নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে বিএসএফের গুলিতে সাহাজুল ইসলাম (৩২) নামে এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন। এ ঘটনার পর সীমান্তবর্তী এলাকা থেকে এক ভারতীয় নাগরিককে ধরে বিজিবির কাছে হস্তান্তর করেছেন বাংলাদেশি কৃষকরা।
শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য, নদীতে মাছ ধরার সময় সাহাজুলের সঙ্গে এক ভারতীয় নাগরিকের কথা কাটাকাটি হয়, যা পরে হাতাহাতিতে গড়ায়। এর জেরে বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে এক রাউন্ড ছররা গুলি ছোড়েন। এতে তার পা ও শরীরের বিভিন্ন স্থানে গুলি ও স্প্লিন্টার বিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করেন।
ঘটনার প্রতিবাদে সীমান্তের মাঠে কাজ করা বাংলাদেশি কৃষকরা এক ভারতীয় নাগরিককে আটক করে বিজিবির হাতে তুলে দেন। এ সময় বিজিবি সদস্যরা সতর্কতামূলক তিন রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে বিএসএফের গুলিবর্ষণের প্রতিবাদ জানান।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে এবং আটক ভারতীয় নাগরিকের বিষয়ে আইন ও সীমান্ত প্রোটোকল অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে। এ নিয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।