প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ১০ অক্টোবর দিল্লিতে বিক্ষোভের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। কর্মসূচি ঘিরে দিল্লিতে ২৩ হাজার কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (সিএপিএফ) সদস্য মোতায়েনের প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৮ থেকে ১২ অক্টোবরের মধ্যে ২২১টি সিএপিএফ কোম্পানি মোতায়েনের অনুমোদন দিয়েছে। এর মধ্যে সিআরপিএফের ৮৫, এসএসবির ১০, আইটিবিপির ৭, র্যাফের ৭ এবং সিআইএসএফের একটি কোম্পানি রয়েছে। এর বাইরে দিল্লি পুলিশের আরও ২০ হাজার সদস্য দায়িত্বে থাকবেন।
বিক্ষোভ চলাকালে দিল্লির মেট্রো স্টেশন, গুরুত্বপূর্ণ স্থাপনা, রেলস্টেশন ও বাস টার্মিনালে বাড়তি নজরদারি রাখা হতে পারে। গুরুত্বপূর্ণ এলাকায় ব্যারিকেড, সিসিটিভি ও ফেস রিকগনিশন ক্যামেরা ব্যবহারের প্রস্তুতিও রয়েছে। প্রয়োজনে ব্যস্ত বাজার বন্ধ করে দেয়ার কথাও জানা গেছে।
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ‘বিএনএসএস ১৬৩’ ধারা জারি থাকবে। কোনো ধরনের প্রতিবাদ বা জনসমাবেশের অনুমতি না দেয়ার সিদ্ধান্তের কথাও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। পার্শ্ববর্তী উত্তর প্রদেশ ও হরিয়ানাসহ অন্যান্য রাজ্যকেও সতর্ক থাকতে বলা হয়েছে।
সিজেপির মুখপাত্র সৌরভ দাস জানিয়েছেন, ১০ অক্টোবর যন্তর মন্তরে কর্মসূচির বিষয়ে দিল্লি পুলিশকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। ভোটার তালিকা সংশোধন নিয়ে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ওঠা অভিযোগের পর তার পদত্যাগ ও শাস্তির দাবিতে বিভিন্ন বিরোধী দল ও সংগঠন আন্দোলন করছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।