সৌদি আরবের আবহা ও রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি হামলায় তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহত তিনজনই বিদেশি নাগরিক, যাদের মধ্যে দুই নারী। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৬ জন।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (৬ অক্টোবর) ও বুধবার (৭ অক্টোবর) পৃথক হামলায় বিমানবন্দর দুটিকে লক্ষ্যবস্তু করা হয়। আবহা বিমানবন্দরে নিহত দুই নারী মরক্কো ও আলজেরিয়ার নাগরিক। সেখানে আহত হয়েছেন ২৮ জন। আর রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে সুদানের এক নাগরিক নিহত ও আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজন সৌদি নাগরিক।
সৌদি জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন জানিয়েছে, হামলার ক্ষয়ক্ষতি পর্যালোচনা ও যাত্রী-কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট নিরাপত্তা কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।
এদিকে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানিয়েছেন, রিয়াদের উত্তরে একটি হুতি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে ইয়েমেনের রাজধানী সানায় রিয়াদে হামলায় ব্যবহৃত একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্ম ধ্বংসের দাবিও করেছে জোট।
চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরবে থাকা মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে রিয়াদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস। তাদের আরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।