সৌদি আরবের জুবাইল শহরে ক্ষেপণাস্ত্র হামলায় মো. সজিব (২৬) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। রোববার (৪ অক্টোবর) সৌদি আরব সময় দুপুরে হামলার সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত সজিব কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া গ্রামের ছোটন মিয়ার ছেলে। ২০২৩ সালে তিনি সৌদি আরবে পাড়ি জমান। সেখানে জুবাইল শহরে দীর্ঘদিন ধরে কর্মরত ছিলেন।
সজিবের মৃত্যুর খবর স্বজনদের জানান সৌদি আরবে কর্মরত তার বন্ধু আলআমিন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে এখন দিশেহারা স্বজনরা।
নিহতের চাচা আবুল কাশেম বলেন, সজিবের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে এনে পারিবারিকভাবে দাফন করতে সরকারের সহযোগিতা চান তারা।
শশীদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান রিয়াদ বলেন, ঘটনার পর মরদেহ দেশে ফেরাতে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন্নী ইসলাম জানান, নিহতের পরিবার যোগাযোগ করলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে মরদেহ দেশে ফেরাতে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।