বিদেশ পাঠানোর কথা বলে লক্ষ্মীপুর জেলা যুব অধিকার পরিষদের সভাপতি ফারুক হোসেন পাঁচ লাখ টাকা অগ্রিম দাবি করেছেন বলে অভিযোগ উঠেছে। একটি অডিও রেকর্ডিংয়ে এমন কথোপকথন শোনা গেছে বলে দাবি সংশ্লিষ্টদের। সেখানে ভিপি নুরুল হক নুরের নির্দেশনার কথা বলতেও শোনা যায় ফারুককে।
অডিওতে ফারুককে বিদেশ যেতে ইচ্ছুক এক ব্যক্তিকে ‘বাবা’ সম্বোধন করে পাসপোর্ট জমা দেয়া, ওয়ার্ক পারমিট ও ভিসার ব্যবস্থা এবং পুলিশ ক্লিয়ারেন্স ও বিএমইটি-সংক্রান্ত কাজের কথা বলতে শোনা যায়। এসব খরচ বাবদ আপাতত পাঁচ লাখ টাকা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন। বাকি টাকা এক-দুই মাস পর দেয়া যাবে বলে জানান তিনি।
তবে অভিযোগ অস্বীকার করে ফারুক হোসেন বলেন, সদর উপজেলার দক্ষিণ হামছাদি ইউনিয়নের নন্দনপুরের বাসিন্দা ও ইউনিয়ন যুব অধিকার পরিষদের সভাপতি বাবুল হোসেনের জামাতা সাকিবের সঙ্গে তার কথোপকথনকে ভুলভাবে প্রচার করা হচ্ছে। তার দাবি, তিনি মূলত পাসপোর্ট নবায়নের জন্য পাঁচ হাজার টাকার কথা বলেছেন। পাসপোর্ট নবায়নের পর ওয়ার্ক পারমিট, ম্যানপাওয়ার ও বিএমইটি লাগবে বলে উল্লেখ করেছেন বলেও জানান তিনি।
তবে নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, সাকিবকে কানাডায় পাঠানোর কথা বলে ফারুক তার কাছে ১৭ লাখ টাকা দাবি করেছিলেন।
বাংলাদেশ মানবাধিকার কমিশন লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি সামছুল করিম খোকন বলেন, বিদেশ পাঠানোর নামে একটি চক্র লক্ষ্মীপুরসহ সারাদেশে কাজ করছে বলে তারা শুনে আসছেন। এ ধরনের অভিযোগ প্রশাসনের গুরুত্ব দিয়ে তদন্ত করা উচিত।
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।