সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে ঢাকার পাঁচটি তৃতীয় স্তরের হাসপাতালে উন্নত চিকিৎসাসেবা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। পরীক্ষামূলক কার্যক্রম শেষে দেশের অন্যান্য শহরেও এ সেবা সম্প্রসারণ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বৃহস্পতিবার সকালে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, ঢাকার পাঁচটি হাসপাতালের সঙ্গে আলোচনা চূড়ান্ত হয়েছে। তবে বেসরকারি প্রতিষ্ঠানগুলো সেবার বিপরীতে কত টাকা নেবে, তা আগামী সপ্তাহের বৈঠকে নির্ধারণ করা হবে।
বগুড়ায় চিকিৎসাসেবার উন্নয়নে আরও ২০টি আইসিইউ স্থাপনের পরিকল্পনার কথাও জানান তিনি। পাশাপাশি চিকিৎসক সংকট নিরসনে নতুন নিয়োগের উদ্যোগ নেয়া হয়েছে। নতুন যোগ দেয়া ৫০০ চিকিৎসকের মধ্যে ১৭ জনকে বগুড়ায় পদায়ন করা হয়েছে। আরও পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলছে।
হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন এবং ক্যানসার ও লিভারসহ জটিল রোগের চিকিৎসাসেবা সম্প্রসারণের পরিকল্পনার কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী।
অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, হাসপাতালের কর্মকর্তা ও চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।
সজল শেখ, বগুড়া
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।