ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমণি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করেন।
সকাল ১১টা ৫৫ মিনিটে আদালতে হাজির হয়ে আত্মসমর্পণের পাশাপাশি জামিনের আবেদন করেন পরীমণি। শুনানি শেষে বিচারক মাহফুজুর রহমান ৫০০ টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।
পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগের দিন আদালত পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। বৃহস্পতিবার আত্মসমর্পণের পর জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
এর আগে মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য থাকলেও অসুস্থতার কারণে আদালতে উপস্থিত হতে পারেননি পরীমণি। তার পক্ষে সময় চেয়ে আবেদন করা হলেও আদালত তা নামঞ্জুর করেন। পরে জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।