জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর ফেসবুকে পোস্ট দিয়েছেন। এতে বাংলাদেশের নতুন সরকারকে সমর্থন এবং দুই দেশের কৌশলগত সহযোগিতা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন চার দিনের সফরে দেশটিতে থাকা তারেক রহমান। বৈঠক শেষে নিজের সঙ্গে তারেক রহমানের একটি ছবি প্রকাশ করে আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন তাকাইচি।
পোস্টে তিনি বলেন, গণতন্ত্র ও আইনের শাসনের মতো মূল্যবোধে বিশ্বাসী বন্ধু হিসেবে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হওয়ায় অভিনন্দন জানাতে পেরে তিনি আনন্দিত। গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠিত বাংলাদেশের সরকার ও দেশটির জাতি গঠনের প্রচেষ্টায় জাপান জোরালো সমর্থন দেবে।
বৈঠকে দুই দেশের অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতা নিয়েও আলোচনা হয়। বঙ্গোপসাগরকেন্দ্রিক ‘বে অব বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ জোন’ (বিগ-বি) উদ্যোগ এগিয়ে নেয়া এবং ‘শেয়ারিং প্রসপারিটি বিগ-বি’ নামে নতুন কৌশলগত সহযোগিতা উদ্যোগের মাধ্যমে অংশীদারত্ব বিস্তারে উভয় পক্ষ একমত হয়েছে বলে জানান তাকাইচি।
তিনি আরও বলেন, দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়ার মধ্যে সংযোগ স্থাপনে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রায় ১৭ কোটি মানুষের দেশটির তরুণ জনগোষ্ঠী ও বিশাল বাজার জাপানের জন্যও বড় সম্ভাবনা তৈরি করেছে।
ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন জাপানের প্রধানমন্ত্রী।

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।