ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে এক যুবক, তাঁর বাবা ও এক বন্ধুকে বন্দুকের মুখে জিম্মি করে নগ্ন অবস্থায় রাস্তায় হাঁটানোর অভিযোগ উঠেছে এক কিশোরীর পরিবারের বিরুদ্ধে। এ ঘটনায় কিশোরীর বাবা, মা ও কাকাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, গত ২৫ অক্টোবর কলকাতার সরশুনা এলাকায় ওই কিশোরী ও যুবককে ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পেয়ে পরিবারের সদস্যরা যুবককে আটকে মারধর করেন। পরে তাঁর বাবা ও বন্ধুকে ডেকে আনা হয়। অভিযোগ, তিনজনকে অস্ত্রের মুখে পোশাক খুলতে বাধ্য করে বাড়ির সামনের রাস্তায় হাঁটানো হয়।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ স্থানীয়রা কিশোরীর বাড়ি ঘিরে ভাঙচুর চালান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
কলকাতা পুলিশের অতিরিক্ত নগরপাল (গোয়েন্দা) কুণাল আগরওয়াল জানান, কিশোরীর বাবা, মা ও কাকাকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।