সৌদি আরবের দক্ষিণাঞ্চলের আভা ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নাজরান শহরে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির কারণে জারি করা জরুরি সতর্কতা কয়েক মিনিটের মধ্যেই প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দেশটির সিভিল ডিফেন্স জাতীয় জরুরি আগাম সতর্কীকরণ ব্যবস্থার মাধ্যমে এ সতর্কতা জারি করে। সাইরেন বাজিয়ে স্থানীয়দের নিরাপদ স্থানে থাকতে এবং সুরক্ষাসংক্রান্ত নির্দেশনা মেনে চলতে বলা হয়।
তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, নাজরানে সতর্কতা জারির প্রায় আট মিনিট পর তা প্রত্যাহার করা হয়। পরে আভা শহর থেকেও একই ধরনের সতর্কতা তুলে নেওয়া হয়।
কী কারণে এই সতর্কতা জারি করা হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি। এ ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির খবরও নিশ্চিত হওয়া যায়নি।
প্রতিবেশী ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সৌদি আরবের চলমান উত্তেজনার মধ্যে এ সতর্কতা জারি করা হলো। হুথিরা সৌদির বিভিন্ন স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি করে আসছে। অন্যদিকে, সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট এসব হামলা প্রতিহত করার কথা জানিয়েছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।