লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় সার সংকট ও বিতরণে অনিয়মের অভিযোগে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকরা। ভুট্টা চাষের মৌসুমে সময়মতো সার না পেয়ে মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে পাটিকাপাড়া ইউনিয়নের পারুলিয়া বাজার এলাকায় এ কর্মসূচি পালন করেন তাঁরা।
কৃষকদের অভিযোগ, স্থানীয়ভাবে সার বিতরণের দায়িত্বে থাকা ব্যক্তিরা সিন্ডিকেট গড়ে কালোবাজারে সার বিক্রি ও স্বজনপ্রীতির মাধ্যমে সার বিতরণ করছেন। গভীর রাতে পছন্দের ব্যক্তিদের ১০ থেকে ১২ বস্তা করে সার দেওয়া হলেও সাধারণ কৃষকরা দিনের পর দিন ঘুরেও সার পাচ্ছেন না বলে অভিযোগ তাঁদের।
কৃষক আশরাফুল আলম বলেন, প্রয়োজনের সময়ে সার না পেলে কৃষক ও তাঁদের পরিবার সংকটে পড়বে। অন্যদিকে, কৃষক তমালকান্ত রায় সার বিতরণে অনিয়ম বন্ধ, ন্যায্যমূল্যে প্রকৃত কৃষকদের সার সরবরাহ এবং কালোবাজারে বিক্রির অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। কৃষক আমিনুল ইসলাম বলেন, ভুট্টার মৌসুমে সার না পেলে এলাকার কৃষকরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বেন।
পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুল আলম সাদাত জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাসের পর কৃষকরা অবরোধ তুলে নিয়েছেন। তাঁর দাবি, বর্তমানে কৃষকরা সুষ্ঠুভাবে সার পাচ্ছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা হারুন-অর রশিদ বলেন, সার বিতরণের জন্য পর্যাপ্ত মজুত রয়েছে। বর্তমানে ছয়টি ওয়ার্ডে সার বিতরণ চলছে, যা আগামী দুই দিনের মধ্যে শেষ হবে। কালোবাজারে সার বিক্রির সুযোগ নেই বলেও দাবি করেন তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপন মিত্র জানান, সার কার্ডধারী সব কৃষক সার পাবেন এবং কার্ডের মাধ্যমে সুশৃঙ্খলভাবে বিতরণের ব্যবস্থা করা হবে।
অভিযোগের বিষয়ে জানতে বিসিআইসি সারের ডিলার মুন্না ট্রেডার্সের মালিক ওয়াসিউজ্জামানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মুঠোফোনে সংযোগ পাওয়া যায়নি।
সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।