‘সরকার অনুমোদন দিলে প্রয়োজনে ক্রসফায়ারও করব’—পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) এমন বক্তব্যে গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)।
সোমবার (২৬ অক্টোবর) প্রকাশিত এক বিবৃতিতে সংগঠনটি জানায়, আইনশৃঙ্খলা রক্ষার নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সম্ভাবনাকে সরকারি অনুমোদনের সঙ্গে যুক্ত করা আইনের শাসন, ন্যায়বিচার ও মানবাধিকারের জন্য উদ্বেগজনক।
সংগঠনটির নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তবে তা আইনসম্মত প্রক্রিয়া, নিরপেক্ষ তদন্ত ও বিচার বিভাগের কর্তৃত্ব মেনেই করতে হবে। কোনো ব্যক্তি অপরাধে অভিযুক্ত হলেই তাঁর জীবন ও ন্যায়বিচার পাওয়ার অধিকার খর্ব করা যায় না।
এইচআরএসএস বলেছে, সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদে আইনের আশ্রয় লাভ এবং জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকার নিশ্চিত করা হয়েছে। তাই ‘ক্রসফায়ার’ কোনোভাবেই বিচারিক প্রক্রিয়ার বিকল্প হতে পারে না।
এ বিষয়ে সরকারের কাছে স্পষ্ট ব্যাখ্যা দাবি করে সংগঠনটি জানতে চেয়েছে, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে সরকার অনুমোদনযোগ্য মনে করে কি না, নাকি এটি আইজিপির ব্যক্তিগত বক্তব্য। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।