শেরপুরে অপহরণের পর ধর্ষণ মামলার প্রধান আসামি শরীফ হাসান (২৭) এবং চুরি মামলায় এক বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রফিকুল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করেছে এসআরবি-১৪-এর পৃথক আভিযানিক দল।
রবিবার (২৫ অক্টোবর) রাতে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে শরীফ হাসানকে এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জের মাজার রোড এলাকা থেকে রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-১৪-এর প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, শরীফ হাসানের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় অপহরণের পর ধর্ষণের অভিযোগে মামলা রয়েছে। গত ২৮ আগস্ট এক তরুণীকে অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে শরীফ ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। পরে আদালতের আদেশে ১২ অক্টোবর মামলাটি থানায় নথিভুক্ত হয়।
অন্যদিকে, রফিকুল ইসলাম ভালুকা থানার একটি চুরি মামলায় দণ্ডবিধির ৩৭৯ ধারায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। গোপন তথ্যের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে দুজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
শেরপুর প্রতিনিধি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।