স্বাস্থ্য খাতের উন্নয়নে আগামী অর্থবছরের মধ্যে বড় পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানিয়েছেন, দেশের ৮ বিভাগে ৮টি ক্যান্সার হাসপাতাল নির্মাণের কাজ চলছে। ক্যান্সার গবেষণায় সরকার সব ধরনের সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন তিনি।
গেল ২৫ অক্টোবর রাজধানীর ব্র্যাক ইউনিভার্সিটির এক অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি জানান, প্রতিটি উপজেলায় ১৫১ শয্যার হাসপাতাল নির্মাণে ১৬ হাজার কোটি টাকার প্রকল্প নেয়া হচ্ছে। এসব হাসপাতালে প্রসূতি মায়েদের জন্য ২০টি, নবজাতকদের জন্য ২০টি এবং কিডনি রোগীদের ডায়ালাইসিসের জন্য ১০টি শয্যা থাকবে।
বাংলাদেশের ওষুধ রপ্তানির সম্ভাবনা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের ওষুধ বিশ্বের বিভিন্ন দেশে যাচ্ছে। ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের বাজারেও বাংলাদেশের ওষুধের ব্যাপক চাহিদা তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
স্বাস্থ্য খাতের অতীত পরিস্থিতি নিয়ে সমালোচনা করে মন্ত্রী বলেন, বিগত বছরগুলোতে এ খাতে অব্যবস্থাপনা ও দুর্নীতি বেড়েছে।
তিনি আরও বলেন, সুস্থ জাতি গড়ে তুলতে না পারলে দেশের অর্থনীতিকে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করানো সম্ভব নয়।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।