বগুড়ায় ছয় বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের পৃথক মামলায় নুর ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে মোট ৬০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দুই মামলায় ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ ভুক্তভোগী দুই শিশুকে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়ার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মারুফ হোসেন এ রায় দেন। রায় ঘোষণার সময় নুর ইসলাম আদালতে উপস্থিত ছিলেন।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১২ মার্চ কাহালু উপজেলার আড়োলা আবাসন প্রকল্পে নিজের ঘরে ডেকে খাবার ও টাকা দেয়ার প্রলোভন দেখিয়ে দুই শিশুকে ধর্ষণ করেন নুর ইসলাম। বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকি দেয়া হয়। পরদিন এক শিশু জ্বরে আক্রান্ত এবং অন্য শিশুর তীব্র রক্তক্ষরণ হলে পরিবার বিষয়টি জানতে পারে।
পরে মামলা হলে পুলিশ দুই শিশুকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয় এবং নুর ইসলামকে গ্রেপ্তার করে। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দেয়া হয়। সাক্ষ্য-প্রমাণ ও ডাক্তারি প্রতিবেদন পর্যালোচনা করে আদালত তাকে দোষী সাব্যস্ত করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আব্দুল মান্নান জানান, আইন অনুযায়ী একটি সাজা ভোগের পর অপর সাজা শুরু হবে। আদালতের নির্দেশ অনুযায়ী জরিমানার অর্থ আসামির সম্পত্তি বিক্রি করে আদায় করে ভুক্তভোগী দুই শিশুর পরিবারকে দেয়ার ব্যবস্থা করা হবে।
সজল শেখ
বগুড়া
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।