কাতারের উত্তর উপকূলে একটি ট্যাংকার জাহাজে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্যবিষয়ক সংস্থা ইউকেএমটিও।
বুধবার (৭ অক্টোবর) সংস্থাটি জানায়, কাতারের মদিনাত আশ শামাল থেকে প্রায় ৯৪ কিলোমিটার উত্তরে জাহাজটিতে একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে। তবে হতাহতদের সংখ্যা বা জাহাজটির মালিকানার বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। ঘটনাটি তদন্ত করছে ইউকেএমটিও।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, কাতারের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের (ইইজেড) মধ্যে হামলার ঘটনাটি ঘটেছে। উপসাগরের পশ্চিম অংশে কয়েক সপ্তাহের মধ্যে কোনো ট্যাংকারে হামলার এটিই প্রথম ঘটনা বলে জানিয়েছে সামুদ্রিক বিষয়ক প্রকাশনা দ্য মেরিটাইম এক্সিকিউটিভ।
ইউকেএমটিও জানিয়েছে, চলতি মাসে হরমুজ প্রণালিতে ট্যাংকারে নয়টি হামলার ঘটনা ঘটেছে। এর আগে ইরান যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালিকে ঘিরে জাহাজে হামলার ঘটনা বেড়ে যায়।
এদিকে যুদ্ধের আগে হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন গড়ে প্রায় ১২৫টি বড় বাণিজ্যিক জাহাজ চলাচল করত এবং বিশ্বের প্রায় ২০ শতাংশ অপরিশোধিত তেল ও এলএনজি এই পথ দিয়ে পরিবহন হতো। তবে সংঘাতের কারণে ওই পথে জাহাজ চলাচল ও জ্বালানি সরবরাহে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।