ফ্রান্সের স্ত্রাসবুর্গে ইউরোপীয় পার্লামেন্ট ভবনের ভেতরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সোনালি রঙের নগ্ন ভাস্কর্য প্রদর্শন করা হয়েছে। ‘অরেঞ্জ প্লেগ’ নামের সাড়ে ৮ ফুট উচ্চতার ভাস্কর্যটি তৈরি করেছেন ডেনমার্কের শিল্পী জেনস গ্যালশিওট। খবর এনডিটিভির।
২৩ ক্যারেট সোনার পাত দিয়ে মোড়ানো ভাস্কর্যটিতে ট্রাম্পকে একটি ছোট আকারের পোশাক পরা ব্যক্তির কাঁধে বসে থাকতে দেখা যায়। তার এক হাতে ন্যায়বিচারের দাঁড়িপাল্লা এবং অন্য হাতে গলফ ক্লাব। গলফ বলটি তৈরি করা হয়েছে বিশ্বের মানচিত্রের আদলে।
ভাস্কর্যটির বেদিতে লেখা বার্তায় ট্রাম্পকে এমন একজন হিসেবে উপস্থাপন করা হয়েছে, যার ভারে নিচের ব্যক্তি ধসে পড়ছেন। শিল্পী গ্যালশিওটের দাবি, ট্রাম্প আইন-কানুনভিত্তিক বিশ্বব্যবস্থা, গণতান্ত্রিক মূল্যবোধ ও জলবায়ু সংকট মোকাবিলার জন্য বড় হুমকি।
শিল্পী জানান, ভাস্কর্যটি ‘দ্য এম্পেররস নিউ ক্লোথস’ রূপকথা থেকে অনুপ্রাণিত। তার মতে, সোনালি প্রলেপ ট্রাম্পের নগ্নতাকেই আরও স্পষ্ট করেছে।
স্ত্রাসবুর্গে ইউরোপীয় পার্লামেন্টের দুটি ভবনকে যুক্ত করা ব্যস্ত একটি মোড়ে ভাস্কর্যটি বৃহস্পতিবার পর্যন্ত প্রদর্শিত হওয়ার কথা রয়েছে। এর আগে ব্রাজিলের কপ৩০ জলবায়ু সম্মেলন ও জার্মানির মিউনিখ নিরাপত্তা সম্মেলনেও এটি প্রদর্শিত হয়েছিল।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।