ভারতের উত্তর প্রদেশের বিজনোরে নির্ধারিত শব্দসীমার বেশি উচ্চস্বরে আজান দেয়ার অভিযোগে মোহাম্মদ ফাইজান নামে এক মুয়াজ্জিনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। এ সময় মসজিদের মাইকও জব্দ করে পুলিশ।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, গেল শনিবার (১০ অক্টোবর) নাজিবাবাদে একটি অভিযোগ শুনানির অনুষ্ঠানে যাওয়ার পথে উচ্চস্বরে আজান শুনতে পান জেলা ম্যাজিস্ট্রেট উমেশ প্রতাপ সিং ও পুলিশ সুপার কৃষ্ণ কুমার বিষ্ণোই। পরে পুলিশকে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন পুলিশ সুপার।
এরপর মসজিদ থেকে মাইক জব্দ করে মুয়াজ্জিন ফাইজানকে আটক করা হয়। শব্দদূষণবিধি লঙ্ঘনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করে পুলিশ। শান্তিভঙ্গের অভিযোগেও আইনি প্রক্রিয়া শুরু হয়। পরে উপবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে এক বিট কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জেলার সব থানাকে ধর্মীয় উপাসনালয়ের মাইক নির্ধারিত শব্দসীমার মধ্যে চলছে—এ মর্মে হলফনামা জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
এর আগে গেল সেপ্টেম্বরে বিজনোরে অভিযান চালিয়ে ২ হাজার ৫০৯টি মাইক সরিয়ে নেয় পুলিশ। এর মধ্যে মসজিদ থেকে ১ হাজার ৩২৩টি, মন্দির থেকে ১ হাজার ১১৬টি এবং গুরুদুয়ারা থেকে ৭০টি মাইক সরানো হয়।
অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণ গোপাল সিং জানান, সরকার ও আদালতের নির্দেশনা অনুযায়ী শব্দদূষণ নিয়ন্ত্রণে এ অভিযান চলছে। নির্ধারিত শব্দসীমা অতিক্রম করে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে মাইক চালাতে দেয়া হবে না বলেও জানান তিনি।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।