সাভারের বিরুলিয়া ইউনিয়নে সরকারি সার ডিলার নিয়োগে নীতিমালা অনুসরণ করা হয়নি—এমন অভিযোগ তুলে নিয়োগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা ও যাচাই-বাছাইয়ের দাবি জানানো হয়েছে। এ বিষয়ে গেল ১১ অক্টোবর ঢাকা জেলা প্রশাসক ও জেলা সার-বীজ মনিটরিং কমিটির সভাপতির কাছে লিখিত আবেদন করেছেন মেসার্স সিয়াম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোহাম্মদ ইব্রাহিম মিয়া।

আবেদনে বলা হয়েছে, ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৬’ অনুযায়ী সংশ্লিষ্ট ইউনিয়নের স্থায়ী বাসিন্দাদের অগ্রাধিকার দেয়ার কথা। স্থানীয় যোগ্য প্রার্থী না পাওয়া গেলেই কেবল পার্শ্ববর্তী ইউনিয়নের প্রার্থীকে নিয়োগ দেয়ার সুযোগ রয়েছে।
অভিযোগকারীর দাবি, বিরুলিয়ায় নিয়োগ পাওয়া মেসার্স পদ্মা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. নাজমুল আলম খানের স্থায়ী ঠিকানা মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার ইতরা গ্রামে। বর্তমানে তিনি সাভার পৌরসভার তালবাগ এলাকায় বসবাস করছেন। স্থানীয় যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও তাঁকে নিয়োগ দেয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
তবে নাজমুল আলম খান বলেন, তিনি ৫০ বছর ধরে সাভারে বসবাস করছেন এবং সাভারের বাসিন্দা হিসেবেই বিরুলিয়ায় সার ডিলার নিয়োগ পেয়েছেন।
সাভার উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন বলেন, ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলার বাসিন্দাদের মধ্য থেকে সার ডিলার নিয়োগের নিয়ম রয়েছে। ওয়ার্ড ও ইউনিয়ন থেকে আবেদন না পেলে উপজেলা থেকে ডিলার নিয়োগ করা যায়।
ইব্রাহিম মিয়া বলেন, বিরুলিয়ার স্থায়ী বাসিন্দা হিসেবে তিনি ডিলার নিয়োগের আবেদন করেছিলেন। তাঁর আবেদন উপেক্ষা করে নাজমুল আলম খানকে নিয়োগ দেয়া আইনসম্মত হয়নি বলে দাবি করেন তিনি। আবেদনের অনুলিপি সংশ্লিষ্ট জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের কাছেও পাঠানো হয়েছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।