ডব্লিউইউবিতে আন্তর্জাতিক সেমিনার, মালয়েশিয়ার আইআইইউএমের সঙ্গে সমঝোতা স্মারক সই
নিজস্ব প্রতিবেদক, দ্যা মিরর নিউজ |
উচ্চশিক্ষার মানোন্নয়ন ও গবেষণা সম্প্রসারণে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ডব্লিউইউবি) ও মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার (আইআইইউএম) মধ্যে একটি লেটার অব ইনটেন্ট (এলওআই) স্বাক্ষরিত হয়েছে। দুই বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী ‘International Research, Academic Excellence and Knowledge Exchange Programme’-এর অংশ হিসেবে মঙ্গলবার (৩ নভেম্বর) এক আন্তর্জাতিক সেমিনারে এ স্মারক সই হয়।
ডব্লিউইউবির প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ মোরশেদা চৌধুরী অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপ প্রজাতন্ত্রের হাইকমিশনার এইচ ই শিউনিন রাশিদ। সভাপতিত্ব করেন ডব্লিউইউবির বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান। সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশে মালয়েশিয়ান হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি ফাইজ মোহাম্মদ মোখতার এবং সোসাইটি ফর আইআইইউএম অ্যালামনাই বাংলাদেশের সভাপতি ও বিআইআইটির মহাপরিচালক ড. এম. আবদুল আজিজ। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক জাকি ইমাম।
আইআইইউএমের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলে ছিলেন গবেষণা, ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের ডেপুটি রেক্টর অধ্যাপক ড. মোহাম্মদ আসলাম বিন মোহাম্মদ হানিফ, অফিস অব স্ট্র্যাটেজিক ইনস্টিটিউশন ট্রান্সফরমেশনের প্রিন্সিপাল ডিরেক্টর অধ্যাপক ড. শুকরান আবদুর রহমান এবং সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ মহিউদ্দিন।
সেমিনারের শুরুতে ডব্লিউইউবির তিন শিক্ষক নিজেদের গবেষণা উপস্থাপন করেন। তাঁরা হলেন সহকারী অধ্যাপক ড. এস. এম. মাহমুদুল হাসান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. মিজানুর রহমান এবং ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. সেলিম আহমেদ।
সেমিনারের প্রতিপাদ্য ছিল “Universities in a Changing World: Navigating the Present, Shaping the Future, and Rethinking Higher Education in the Context of Bangladesh’s National and Global Aspirations”। এতে পরিবর্তনশীল বিশ্বে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা, উচ্চশিক্ষার ভবিষ্যৎ ও গবেষণার বিকাশ নিয়ে আলোচনা হয়। অধ্যাপক ড. এ.কিউ.এম. শাফিউল আজমের সঞ্চালনায় উন্মুক্ত আলোচনা পর্বে দুই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশ নেন। শেষে অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
এলওআইয়ের মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ গবেষণা, একাডেমিক কার্যক্রম ও কৌশলগত সহযোগিতার একটি কাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। আয়োজকদের আশা, এতে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় বাড়বে, গবেষণায় সহযোগিতা প্রসারিত হবে এবং আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষার নতুন সুযোগ তৈরি হবে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।