সাইবার হামলার ঝুঁকিতে প্রায় তিন দিন বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট। রোববার (২৫ অক্টোবর) সকাল ৮টা থেকে ওয়েবসাইটটি সচল হয়েছে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।
এর আগে, বৃহস্পতিবার জরুরি নিরাপত্তার কারণে কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়। একই সঙ্গে পিএইচপি-ভিত্তিক আরও কিছু ব্যাংক ও প্রতিষ্ঠানের ওয়েবসাইটেও সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়। জনতা ব্যাংকসহ কয়েকটি ব্যাংক ও প্রতিষ্ঠানের সার্ভারে রক্ষণাবেক্ষণের কাজ এখনও চলছে।
বাংলাদেশ ব্যাংক জানায়, পিএইচপি প্রোগ্রামিং ভাষার নিরাপত্তা ত্রুটি থেকে সম্ভাব্য সাইবার হামলার ঝুঁকি এড়াতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ওয়েবসাইট বন্ধ রাখা হয়েছিল। তবে এ সময় কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে যোগাযোগব্যবস্থা স্বাভাবিক ছিল।
ওয়েবসাইটের নিরাপত্তা দুর্বলতা যাচাই ও সমাধানের কাজ শেষে এটি পুনরায় চালু করা হয়। বিশ্বজুড়ে বহুল ব্যবহৃত পিএইচপি প্রোগ্রামিং ভাষায় গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর বিভিন্ন দেশে সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়। ত্রুটিগুলো সমাধানে নিরাপত্তা প্যাচ প্রকাশ করা হলেও সেগুলো পুরোপুরি প্রয়োগের আগেই দুর্বলতাগুলোর বিস্তারিত তথ্য প্রকাশ্যে চলে আসে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।