সংস্কৃতি মন্ত্রণালয় পরিদর্শন করে কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৪ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে সভায় লালন উৎসব, নজরুলবর্ষ ও শীতকালীন সাংস্কৃতিক উৎসবের পরিকল্পনা তুলে ধরা হয়।
ডিসেম্বর থেকে মে পর্যন্ত শীতকালীন উৎসবে সার্কাস, নৌকাবাইচ, ঘুড়ি উৎসব, ঘোড়দৌড় ও পাপেট শো আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে সভায় জানানো হয়।
শিল্পকলা একাডেমিগুলোকে আরও সক্রিয় করার পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে ভ্রাম্যমাণ লাইব্রেরি, পাঠচক্র ও বই পড়ার প্রতিযোগিতা আয়োজনের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে তরুণদের কাছে দেশের হাজার বছরের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার ওপর গুরুত্ব দেন তিনি।
সভায় সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, প্রধানমন্ত্রীর তথ্য ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।