গাজীপুরের টঙ্গীর চেরাগ আলীতে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের সঙ্গে উদ্ধার ও সহায়তা কার্যক্রমে যোগ দিয়েছে সেনাবাহিনী ও বিজিবি।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটে কারখানার ছয়তলা ভবনে আগুন লাগে। ভবনে ওষুধ উৎপাদনে ব্যবহৃত বিপুল পরিমাণ রাসায়নিক থাকায় আগুনের তীব্রতা বেড়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
প্রথমে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ শুরু করে। পরে আশপাশের স্টেশন থেকে আরও ১৭টি ইউনিট যোগ দেয়। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আগুনে কারখানার যন্ত্রপাতি ও অন্যান্য মালামালের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ আগুন নিয়ন্ত্রণে আসার পর তদন্ত করে জানা যাবে।
এদিকে, অগ্নিকাণ্ডের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কয়েক কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।