২০২৭ সালে দেশের স্কুলগুলোতে ভর্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে করা রিট আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট। অবকাশকালীন ছুটি শেষে নিয়মিত বেঞ্চে রিটটির শুনানির জন্য যেতে বলেছেন আদালত।
বুধবার (১৪ অক্টোবর) বিচারপতি এস এম মনিরুজ্জামান ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের অবকাশকালীন বেঞ্চ এ আদেশ দেন।
রিটকারীর আইনজীবী জাহিদ তালুকদার জানান, আদালত অবকাশ শেষে নিয়মিত বেঞ্চে আবেদনটি উপস্থাপন করতে বলেছেন। আদালত খোলার পর রিটটির শুনানির চেষ্টা করবেন তারা।
এর আগে ৭ অক্টোবর মুভমেন্ট ফর হিউম্যান রাইটস অ্যান্ড গুড গভর্নেন্স ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মিনহাজ উদ্দিন আহমেদ এ রিট করেন। ২০২৭ শিক্ষাবর্ষে স্কুলে ভর্তি পরীক্ষার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করা হয় এতে।
সরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল করে পরীক্ষার সিদ্ধান্ত নেয় সরকার। পরে সংশোধিত প্রজ্ঞাপনে জানানো হয়, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা হবে, আর প্রথম শ্রেণিতে ভর্তি নেয়া হবে লটারিতে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।