আশুলিয়া থেকে অপহৃত দুই বছরের শিশু মীম আক্তারকে টাঙ্গাইলের ঘাটাইল থেকে জীবিত উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্রাঞ্চ (এসআরবি)। এ ঘটনায় অপহরণের অভিযোগে বেলী বেগম (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। এসআরবি-৪ ও এসআরবি-১৪-এর যৌথ অভিযানে সোমবার (১২ অক্টোবর) রাতে শিশুটিকে উদ্ধার করা হয়।
এসআরবি সূত্রে জানা যায়, ৮ সেপ্টেম্বর ঢাকার আশুলিয়া থানার পলাশবাড়ী বটতলা এলাকার বাসা থেকে শিশুটি নিখোঁজ হয়। শিশুটির মা একটি পোশাক কারখানায় কাজ করায় মেয়েকে দেখাশোনার জন্য ১ সেপ্টেম্বর থেকে বেলী বেগমকে গৃহকর্মী হিসেবে নিয়োগ দিয়েছিলেন।
ঘটনার দিন দুপুরে শিশুটিকে বেলীর কাছে রেখে কর্মস্থলে যান তার মা-বাবা। রাত ১০টার দিকে বাসায় ফিরে তাঁরা শিশু ও গৃহকর্মী কাউকেই পাননি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর শিশুটির মা আশুলিয়া থানায় মামলা করেন।
এসআরবি-৪-এর সদস্যরা ঘটনার পরপরই ছায়াতদন্ত শুরু করেন। সিসিটিভি ফুটেজ, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে সন্দেহভাজনের অবস্থান শনাক্ত করা হয়। পরে এসআরবি-৪ ও এসআরবি-১৪-এর যৌথ দল টাঙ্গাইলের ঘাটাইল থানার খালপাকুটিয়া দেওলাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে বেলী বেগমকে গ্রেপ্তার করে। তাঁর দেয়া তথ্যের ভিত্তিতে শিশুটিকে জীবিত উদ্ধার করা হয়।
এসআরবির এক কর্মকর্তা জানান, তদন্তের একপর্যায়ে বেলী বেগমের সাবেক স্বামীর ঠিকানার সূত্র ধরে অনুসন্ধান চালানো হয়। পরে গোয়েন্দা তথ্য ও স্থানীয়দের সহায়তায় তাঁর অবস্থান শনাক্ত করা সম্ভব হয়।
উদ্ধারের পর শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তার বেলী বেগমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।
মো. সোহান আহমেদ সানাউল (আশুলিয়া)
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।