ইয়েমেনে ইরান-সমর্থিত হুতি যোদ্ধাদের বিরুদ্ধে ১ হাজার ৮৭৯টি সামরিক অভিযান চালিয়ে ৯৫০ জনকে হত্যার দাবি করেছে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার। এসব অভিযানে হুতিদের ৩৮০টি সামরিক যান ধ্বংস বা অকার্যকর করা হয়েছে বলেও দাবি করা হয়েছে।
সরকারের সামরিক মুখপাত্র কর্নেল মাজিদ আল নুজাইলি জানান, ‘ডন অব ইয়েমেন’ নামের চলমান অভিযানের অংশ হিসেবে বিভিন্ন রণাঙ্গনে এসব অভিযান চালানো হয়। হুতিদের অবস্থান, কমান্ড সেন্টার, অস্ত্রের গুদাম ও অন্যান্য সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে জানান তিনি।
হুতিদের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলো পুনরুদ্ধারে সরকারি বাহিনী অভিযান জোরদার করেছে। এসব এলাকার মধ্যে রাজধানী সানাও রয়েছে।
তবে নিহতের সংখ্যা ও সামরিক যান ধ্বংসের বিষয়ে ইয়েমেন সরকারের দেয়া তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে হুতি বিদ্রোহীদের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।