মধ্যপ্রাচ্যের বাইরে বিকল্প শ্রমবাজার খোঁজার পাশাপাশি দেশে ফিরে আসা প্রবাসী কর্মীদের প্রশিক্ষণ ও পুনর্বাসনে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে রামরুর ‘সোনার মানুষ সম্মেলন ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
নুরুল হক নুর বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে কিছু বাংলাদেশি কর্মহীন হলেও সংঘাত শেষ হলে পুনর্গঠন কার্যক্রমে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। যেসব কর্মীর ভিসার মেয়াদ শেষ হচ্ছে, তাঁদের বিষয়ে পরিস্থিতি স্বাভাবিক হলে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা হবে।
তিনি জানান, যুদ্ধ শুরুর পর সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ বাংলাদেশিদের চিকিৎসা ও নিহতদের মরদেহ দেশে ফেরাতে সহযোগিতা করছে। রিয়াদে হামলার পর বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারাও হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশিদের খোঁজ নিয়েছেন।
যুদ্ধে নিহত ও ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তা দেয়া হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট কমিটির মাধ্যমে নিহতদের পরিবারকে প্রায় ১৩ লাখ ৫০ হাজার টাকা সহায়তা দেয়া হয়েছে। কিছু প্রতিষ্ঠানের কর্মীরা পর্যাপ্ত ক্ষতিপূরণ পেলেও ছোট প্রতিষ্ঠানে ব্যক্তিগতভাবে কাজ করা কর্মীদের ক্ষেত্রে তা তুলনামূলক কম হতে পারে।
সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের সম্পর্কের কথা উল্লেখ করে নুর বলেন, দেশটি সংকটে থাকায় শুধু সহায়তা চাওয়া নয়, তাদের পাশে দাঁড়ানোও বাংলাদেশের নৈতিক দায়িত্ব।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।