সংসদ সদস্যদের (এমপি) ব্যক্তিগত গাড়িতে তাদের ব্যক্তিগত কর্মকর্তা ও চালক ছাড়া অন্য কারও সচিবালয়ে প্রবেশের অনুমতি থাকছে না। নিরাপত্তা জোরদার ও প্রবেশাধিকার নিয়ন্ত্রণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
গেল ৪ অক্টোবর মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে সচিবালয়ের নিরাপত্তা নিয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সংশ্লিষ্ট সচিব ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় সিদ্ধান্ত হয়, এমপিদের গাড়িতে প্রবেশকারী ব্যক্তিগত কর্মকর্তা ও চালকের পরিচয় এবং অনুমোদন যাচাই করে প্রবেশের ব্যবস্থা করতে হবে। বর্তমানে অনেক সময় একটি গাড়িতে চার থেকে পাঁচজনকে নিয়ে সচিবালয়ে প্রবেশ করেন এমপিরা। তাঁদের সবাই অনুমোদিত কি না, তা যাচাই করা নিরাপত্তাকর্মীদের জন্য কঠিন হয়ে পড়ে।
সংশ্লিষ্টরা জানান, সচিবালয় সরকারের গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র। অনুমোদনহীন ব্যক্তির প্রবেশ নিরাপত্তাঝুঁকি তৈরি করতে পারে। এ কারণে এমপিদের গাড়িতে প্রবেশকারীর সংখ্যা সীমিত করার পাশাপাশি পরিচয় ও অনুমোদন যাচাই বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।